শুটিং সেটে হঠাৎ অসুস্থতা, প্রয়াত কন্নড় অভিনেতা রাজু তালিকোট

আনন্দলোক

বিনোদন ডেস্ক | অনলাইন সংস্করণ

কন্নড় সিনেমা জগতের জনপ্রিয় মুখ রাজু তালিকোট আর নেই। সোমবার (১৩ অক্টোবর) শুটিং চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

ঘটনাটি ঘটে কর্ণাটকের উদুপি জেলায়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্‌রোগে ভুগছিলেন।

রাজু তালিকোটের প্রকৃত নাম রাজেসাব মকতুমসাব ইয়াঙ্কাঞ্চি। তবে জন্মস্থান তালিকোটের নামেই তিনি পরিচিতি পান অভিনয় জগতে। মঞ্চ ও চলচ্চিত্র— দুই মাধ্যমেই সমানভাবে সক্রিয় ছিলেন তিনি।

ছোটবেলা থেকেই নাট্যজীবনের সঙ্গে যুক্ত ছিলেন রাজু। তাঁর বাবা-মা দুজনেই স্থানীয় নাট্যসংঘ “শ্রীগুরু খাসগটেশ্বর নাট্য সংঘ”-এর সদস্য ছিলেন। বাবা-মায়ের অনুপ্রেরণাতেই অভিনয়ে আসা রাজুর জীবন ছিল নানা সংগ্রামে ভরা। মাত্র চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। পরে জীবিকার তাগিদে হোটেলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করতে হয় তাঁকে।

তবে থিয়েটারের প্রতি অগাধ ভালোবাসাই তাঁকে ফের নিয়ে আসে মঞ্চে। ধীরে ধীরে তিনি প্রবেশ করেন সিনেমার জগতে এবং হয়ে ওঠেন কন্নড় ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ।

তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— মানসারে, হেন্দাথি আন্দারে হেন্দাথি, পঞ্চরঙ্গি, রাজাধানি, লাইফু ইস্তেনে, আলেমারি, মাইনা, টোপিওয়ালা এবং পাঞ্জাবি হাউস

রাজুর আকস্মিক মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শিল্পীরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *