গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর

বাংলাদেশ

সিলেট, ৭ অক্টোবর:
গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আজ জনগণের প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার মূলভিত্তি হলো গণতন্ত্রের চর্চা, যা রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেক নাগরিকের মধ্যেও বিকশিত হতে হবে।”

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মখনদোকান ও হাজরাই বাজারে পৃথক দুটি গণসংযোগ ও সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। কর্মসূচি ছিল বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ আয়োজনের অংশ।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপির রাজনীতি মানে জনগণের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। ধানের শীষের পক্ষে ঐক্যই আমাদের শক্তি।”

তিনি আরও বলেন, “আমরা একটি শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি। আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে। রাজনৈতিক সহনশীলতা ফিরিয়ে এনে ফ্যাসিবাদী অপসংস্কৃতি দূর করতে হবে। মতভেদ থাকতে পারে, কিন্তু জনগণের স্বার্থে ঐক্য অপরিহার্য।”

বিএনপি নেতা আরও যোগ করেন, “আগামী বাংলাদেশ কেমন হবে — স্বাস্থ্যব্যবস্থা, আইনের শাসন, কৃষি, শিক্ষা ও প্রশাসন কেমন হবে — তার একটি সুস্পষ্ট রূপরেখা বিএনপি তার ৩১ দফা কর্মসূচিতে তুলে ধরেছে।”

তিনি গণতন্ত্রবিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান জানান এবং বলেন, “গণতন্ত্রের সংগ্রামই জনগণের মুক্তির সংগ্রাম।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডা. এনামুল হক, হাজী বশির আহমদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় জনগণও বিপুল সংখ্যায় সমাবেশে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *