চট্টগ্রাম, ৭ অক্টোবর:
জাতীয় সংকটকালীন সময়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের সংগঠন হিসেবে কাজ করেছে। দেশের আপামর মানুষ এখন আবারও জামায়াতের দিকেই তাকিয়ে আছে। অধ্যাপক গোলাম আজম যেমন অতীতে কেয়ারটেকার সরকারের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক তেমনি বর্তমান সময়েও আমাদের ৫ দফা গণদাবি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।”
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শহরের বিআইএ মিলনায়তনে আয়োজিত আইনজীবীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে জামায়াতের ৫ দফা গণদাবির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট জিয়াউল হক, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট ফরিদুল আলম চৌধুরীসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট আবুল কামাল আযাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ গণআন্দোলন সময়ের দাবি হয়ে উঠেছে।
