অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “বর্তমানে অনেকেই উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা বলছেন। কিন্তু বাস্তবতা হলো, আমাদের নয়—এই জাতিরই এখন সেফ এক্সিট দরকার।”
শনিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি আয়োজন করে আইন মন্ত্রণালয়।
ড. আসিফ নজরুল বলেন, “আমরা উপদেষ্টারা জানি, আমাদের সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই। বরং বাংলাদেশের মানুষকে এমন এক ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে মুক্তির পথ দেখাতে হবে, যেখানে বহু বছর ধরে গুম, দমননীতি ও বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল।”
তিনি আরও বলেন, “৫৫ বছরের শাসন কাঠামোর যে বিকৃতি সৃষ্টি হয়েছে, সেখান থেকেই জাতির সেফ এক্সিট প্রয়োজন। এই সেফ এক্সিট মানে নতুন সূচনা—ন্যায়, মানবাধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ।”
আলোচনায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
