রাজনীতি ডেস্ক | অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় শুরু হওয়া বৈঠকে প্রাতরাশের পাশাপাশি দুই পক্ষ পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।
বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমিরের শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। আলোচনাটি সম্পূর্ণ সময়জুড়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার–মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠক শেষে উভয় পক্ষই পরস্পরের সঙ্গে সহযোগিতা ও সংলাপ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
