দুর্যোগ-পরবর্তী সময়ের আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে ঢাকা কাস্টমস হাউস আসন্ন ২৪ ও ২৫ অক্টোবর (শুক্র ও শনিবার) স্বাভাবিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ব্যবসায়িক সেবা ব্যাহত না করতে, সপ্তাহের ছুটির দিনেও অফিস খোলা থাকবে।
এ উদ্যোগের মাধ্যমে এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রমও নিয়মিতভাবে চালু থাকবে, যাতে আন্তর্জাতিক পণ্য পরিবহনে কোনো ধরনের বিলম্ব না ঘটে।
নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত দুই দিন সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত থাকতে হবে।
অফিসের কার্যক্রম যেন নির্বিঘ্নভাবে পরিচালিত হয়, সে জন্য প্রশাসনিক পর্যায়ে পর্যবেক্ষণ জোরদার করা হবে।
ঢাকা কাস্টমস হাউস জানায়, চলমান আমদানি ও রফতানি প্রক্রিয়া থেমে গেলে বাণিজ্যিক ক্ষতি হতে পারে—সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের বাণিজ্যিক প্রবাহ অব্যাহত রাখতে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
