দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে প্রথমবারের মতো ভরিতে দুই লাখ টাকা ছাড়িয়েছে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে দাম বৃদ্ধির প্রভাবেই নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৭২৬ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।
এর আগে গত ৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা করা হয়েছিল। মাত্র তিন দিন পরই দাম বেড়ে ভরিতে আরও ২,১৫০ টাকার বেশি বৃদ্ধি পেল।
চলতি বছরে এটি স্বর্ণের ৬১তম মূল্য সমন্বয়। এর মধ্যে ৪৩ বার বেড়েছে, আর কমেছে ১৮ বার।
২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল—যেখানে ৩৫ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩,৬২৮ টাকায়, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।
২১ ক্যারেটের রুপা ভরি ৩,৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২,৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,২২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
