প্রাচীন মানবজাতি থেকেই উত্তরাধিকার মানসিক রোগের জিন

লাইফস্টাইল

অনলাইন ডেস্ক | বিশেষ প্রতিবেদন

মানুষের মানসিক সমস্যা বা মানসিক রোগ কোনো নতুন বিষয় নয়— বিজ্ঞানীদের দাবি, এর শিকড় রয়েছে হাজার হাজার বছর আগের প্রাচীন মানবজাতির মধ্যেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মানসিক অসুস্থতার সঙ্গে সম্পর্কিত কিছু জিনের উৎপত্তি ঘটেছিল প্রায় ৪ লাখ ৭৫ হাজার বছর আগে, যখন আধুনিক মানুষ (হোমো সেপিয়েন্স) এখনো পৃথিবীতে ছিল না।

নেদারল্যান্ডসের সেন্টার ফর নিউরোজেনোমিক্স অ্যান্ড কগনিটিভ রিসার্চ (CNCR)–এর গবেষক ইলান লিবেডিনস্কি ও তাঁর সহকর্মীরা মানব জিনোমের বিবর্তন নিয়ে গবেষণা চালিয়ে দেখেছেন, মানুষের বুদ্ধি বিকাশের পাশাপাশি মানসিক রোগ সম্পর্কিত জিনগুলোও একই সময়ে গড়ে উঠেছিল। অর্থাৎ, মস্তিষ্কের উন্নয়ন এবং মানসিক জটিলতা—দুটিই এসেছে একই বিবর্তনীয় ধারা থেকে।

গবেষণায় বলা হয়েছে, মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ পূর্বপুরুষ হিসেবে ধরা হয় শিম্পাঞ্জি ও বোনোবো বানরকে, যাদের সঙ্গে মানুষের জিনের মিল প্রায় ৯৮ শতাংশ। প্রায় ৫০ লক্ষ বছর আগে মানুষ তাদের থেকে আলাদা হয়ে নিজস্ব বিবর্তন শুরু করে। এরপর ধীরে ধীরে মানুষের মস্তিষ্কের আকার তিনগুণ পর্যন্ত বেড়ে যায়, সঙ্গে বাড়ে বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তি।

বিজ্ঞানীরা প্রায় ৩৩ হাজার ভিন্ন জিনের বিবর্তন ইতিহাস বিশ্লেষণ করে দেখেছেন— কিছু জিন হজমপ্রক্রিয়ার জন্য তৈরি হয়েছিল প্রায় ৮ লাখ বছর আগে, কিছু জিন ক্যানসারের সঙ্গে সম্পর্কিত যা এসেছে প্রায় ৫ লাখ ৯০ হাজার বছর আগে, আর বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত জিনগুলির বিকাশ ঘটে প্রায় ৫ লাখ বছর আগে। তার ঠিক পরপরই গড়ে ওঠে মানসিক সমস্যার জিন।

গবেষণায় আরও উঠে এসেছে, ভাষা শেখার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত জিনগুলো বিকশিত হয়েছে মাত্র ৫০ হাজার বছর আগে, আর মদ্যপান বা বিষণ্ণতার প্রবণতার সঙ্গে যুক্ত জিন এসেছে আরও পরে।

বিশেষজ্ঞদের মতে, এসব গবেষণা দেখায়— মানুষের মস্তিষ্ক যেমন উন্নত চিন্তা ও বুদ্ধিমত্তা দিয়েছে, তেমনি সেই একই বিবর্তনের ফলেই আজও মানুষ মানসিক রোগের ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ, আধুনিক মানসিক সমস্যা আসলে মানুষের বহু প্রাচীন উত্তরাধিকার।

সূত্র: আন্তর্জাতিক গবেষণা জার্নাল নেচার হিউম্যান বিহেভিয়ার, CNCR, অনলাইন নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *