বড় ধস শেয়ারবাজারে, লেনদেন নেমেছে ৪৮৭ কোটিতে

অর্থনীতি

অনলাইন ডেস্ক | অনলাইন ভার্সন

দেশের পুঁজিবাজারে আবারও বড় পতন দেখা দিয়েছে। বুধবার (আজ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে দাঁড়িয়েছে মাত্র ৪৮৭ কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় ১১৯ কোটি টাকার কম। বাজারে সবকটি সূচক নিম্নমুখী, বিনিয়োগকারীদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট।

দিনের শুরুতে সূচকে সামান্য উত্থান দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বিক্রির চাপ বাড়ে। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ৮০ পয়েন্ট পতন হয়ে ৫,১১৬ পয়েন্টে অবস্থান নেয়। পাশাপাশি ডিএসইএস সূচক কমেছে ২০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক হারিয়েছে প্রায় ২৯ পয়েন্ট।

আজ লেনদেনে অংশ নেয় মোট ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ৩২৮টির দর কমেছে, বেড়েছে মাত্র ৩৩টির। অপরিবর্তিত থেকেছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনীহা ও অর্থনীতির সামগ্রিক চাপ বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়ছে সূচকে।

দিনশেষে ডিএসইর মোট বাজারমূলধন দাঁড়ায় ৬ লাখ ৯৮ হাজার কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৬,৯০০ কোটি টাকা কম

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, যার মোট লেনদেন হয়েছে প্রায় ৩২ কোটি টাকার বেশি

পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নীতি সহায়তা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *