ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ রাজনীতি

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সরকার ইতিমধ্যে সম্পন্ন করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন,

“নির্বাচন শুধু সরকারের নয়, এটি জাতীয় প্রক্রিয়া। তাই গণমাধ্যমসহ সব মহলের সহযোগিতা প্রয়োজন।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম স্বচ্ছ রাখতে সরকার পর্যায়ক্রমে বডিওর্ন ক্যামেরা সরবরাহ করবে। এ প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী তিনটি সাধারণ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন, তাদের পরিবর্তে এবার নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ আছে কিনা— এ বিষয়ে তিনি বলেন,

“প্রতিটি ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে এলে আসল কারণ জানা যাবে।”

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“আগামী ডিসেম্বরের মধ্যেই বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা চালু হবে।”

তিনি আরও জানান, প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট ফি কমানো ও বিমানবন্দর সেবার মান উন্নয়নের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *