হাতিরঝিল থানার মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢালিউড
519

হাতিরঝিল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও স্বর্ণালংকার চুরির মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় তার সহঅভিযুক্ত আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান অভিযোগপত্র বিবেচনা ও জামিনের শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান—আসামিরা নিয়মিত আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিলের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

মামলার নথিতে উল্লেখ রয়েছে, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্কের অবনতি চলছিল হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে। অভিযোগ অনুযায়ী, দ্বন্দ্ব তীব্র হওয়ায় হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে গত ২১ জুন একটি বাসায় উভয় পক্ষকে নিয়ে আলোচনার আয়োজন করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগে বলা হয়—সেদিন হিরো আলমসহ প্রায় এক ডজন ব্যক্তি বাদী রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং পরবর্তীতে বাদীর বর্তমান বাসায় ঢুকে তাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। মারধরের সময় তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইনও কৌশলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

আদালতের সর্বশেষ আদেশে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *