দ্রুত জাতীয় নির্বাচনই দেশের সংকট নিরসনের একমাত্র পথ: মির্জা ফখরুল

রাজনীতি

ঠাকুরগাঁও প্রতিনিধি | অনলাইন ভার্সন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অচলাবস্থা থেকে রক্ষা করতে হলে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বিভাজন বা দাবি-দাওয়ার রাজনীতি নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। গণভোট বা পিআর নিয়ে বিতর্কে না গিয়ে আগে নির্বাচন হোক—মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে।”

মির্জা ফখরুল বলেন, “যে পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না, সেটি এখনই বাস্তবায়ন করলে গণঅসন্তোষ বাড়বে। তাই পিআর পদ্ধতির আগে অবিলম্বে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যাতে তারা স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সুবিধা পেতে পারে। আমাদের লক্ষ্য একটি ন্যায্য, মানবিক ও উৎপাদনশীল বাংলাদেশ গড়া।”

সভায় স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডেইলি নবসংবাদ অনলাইন / রাজনৈতিক প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *