অনলাইন ডেস্ক | বিশেষ প্রতিবেদন
২০ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ছেলে এবং রাজনীতিক মাহী বি. চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মামলাটি দায়ের করেছেন কমিশনের উপপরিচালক (মানিলন্ডারিং) জাহাঙ্গীর আলম।
দুদকের তদন্তে উঠে এসেছে— মাহী বি. চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি টাকারও বেশি সম্পদ গোপন করেছেন এবং আরও প্রায় ২০ কোটি টাকার অজানা উৎসের সম্পদ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তদন্তে দেখা গেছে, তিনি অনৈতিক উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করতে ৬৮ একর জমির বায়না দলিল করেন নিজের নামে। পরে ওই জমি তার মালিকানাধীন এভালন এস্টেট লিমিটেড প্রতিষ্ঠানের নামে ক্রয় করে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদক জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
দুদকের কর্মকর্তারা জানান, তদন্তের প্রাথমিক পর্যায়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার পরই মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে সম্পদের উৎস যাচাই ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত অনুসন্ধান চালানো হবে।
অন্যদিকে মাহী বি. চৌধুরীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: দুদক, অনলাইন নিউজ ডেস্ক
