জুলাই সনদে স্বাক্ষর করল ২৫ রাজনৈতিক দল, জাতীয় ঐক্যের নতুন অধ্যায়

রাজনীতি

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হলো শুক্রবার বিকেল। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত “জুলাই জাতীয় সনদ” স্বাক্ষর অনুষ্ঠানে দেশের ২৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা।

প্রেস উইং সূত্রে জানা গেছে, যারা সনদে স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে ছিলেন—
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, আমজনতার দল এবং ১২ দলীয় জোটের প্রতিনিধি নেতারা।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম মঞ্চে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ এই অনুষ্ঠানে অংশ নেয়নি।

অনুষ্ঠানটি শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। অংশগ্রহণকারী নেতারা আশা প্রকাশ করেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *