ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে প্রাণ গেল ২৫ যাত্রীর

আন্তর্জাতিক

ভারতের অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দ্রুতগতির বাসে আগুন ধরে গেলে অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে যান।

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুর্নুল জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোরে চিন্নাটেকুর এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর মুহূর্তের মধ্যেই আগুনে ঘিরে যায় যানটি।

স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসটিতে প্রায় ৪৪ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে গেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে, অনেক যাত্রী জানালা ভেঙে বের হওয়ার আগেই দগ্ধ হয়ে মারা যান।

দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমন্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের দরজা আটকে যায়, ফলে অনেকে বের হতে পারেননি। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু ততক্ষণে পুরো বাস আগুনে ভস্মীভূত হয়ে যায়।

অন্ধ্রপ্রদেশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “দুর্ঘটনায় নিহতদের অধিকাংশের শরীর এতটাই পুড়ে গেছে যে, পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।” আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিক ধারণা, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা খায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভোর পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *