দেশে আবারও বেড়েছে মুদ্রাস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের একই সময় এই হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
বিবিএস জানায়, সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্য ও অখাদ্য উভয় খাতেই মূল্যবৃদ্ধি দেখা গেছে। খাদ্যখাতে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, অখাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, ভাড়া, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্যয়ের চাপ—এই বিষয়গুলো সামগ্রিক মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া ডলারের বিনিময় হার বৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপও বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার দুর্বলতা নিয়ন্ত্রণে না আনলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।
