ডেইলি নবসংবাদ স্পোর্টস ডেস্ক:
দাপুটে এক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইরেন কাউন্ট্রি ক্লাব মাঠে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় টাইগাররা।
এই জয়ে চার ম্যাচে দুই জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল, যারা গ্রুপ পর্ব শেষ করেছে ৬ পয়েন্ট নিয়ে।
টস হেরে আগে বোলিংয়ে নেমে শুরুতে চাপে ছিল বাংলাদেশ। ইউএসএসএর দুই ব্যাটার ডেভিড টীগার ও লুডউইচ স্কুল্ড দারুণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। টীগার ৫৭ বলে ৭২ এবং স্কুল্ড ৫৭ বলে ৫১ রান করেন। একসময় দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ১২৬ রান।
সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে শেষ ৯ উইকেট মাত্র ৪০ রানের মধ্যে তুলে নিয়ে ইউএসএসএকে ১৬৬ রানে অলআউট করে টাইগাররা।
বাংলাদেশের হয়ে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪টি উইকেট নেন। আমিনুল ইসলাম বিপ্লব ও রহনতদৌলা বর্ষণ দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির রাতুল একটি করে উইকেট পান।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর ইনিংস সামাল দেন শাহাদাত হোসেন দিপু ও ইফতিখার হোসেন ইফতি। ইফতি ১৭ রান করে ফিরলেও ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন দিপু।
শেষ পর্যন্ত ইরফান শুক্কুর ৩৯ বলে অপরাজিত ৫৮ এবং শাহাদাত হোসেন দিপু ৫৬ বলে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাদের জুটিতে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ ইমার্জিং দল।
অন্যদিকে, টুর্নামেন্টে চারটি ম্যাচের সবকটিতে হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে ইউএসএসএ। আর ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
