ডেইলি নবসংবাদ ডেস্ক:
বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে প্রচার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে শ্রমিক দলের কেন্দ্রীয় ও ফেডারেশন নেতৃবৃন্দ ছাড়াও ফকিরেরপুল এলাকার শ্রমিক নেতারা, কর্মকর্তা কল্যাণ সমিতি, ওমেন্স ফোরাম, জাসাস ও খালেদা জিয়া পরিষদের প্রতিনিধিরা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সিবিএর সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনের নেতৃত্বে সংগঠনটির নেতারা জনতা ব্যাংক মোড়, ক্লাবপাড়া এবং ফকিরেরপুল কালভার্ট সড়ক এলাকায় প্রচার চালান।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেনের বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। একই সঙ্গে নতুন ব্যাংক হিসাব খোলার বিষয়ে আগ্রহীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়।
প্রচারাভিযানে ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন সিবিএ নেতারা। নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
তারা বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ লেনদেনে উৎসাহিত করাও এই প্রচারণার অন্যতম উদ্দেশ্য।
