সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, সরবরাহ নিশ্চিতে কঠোর নজরদারি

গ্রাম বাংলা
52

অর্থনীতি ডেস্ক, ডেইলি নবসংবাদ: উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সার নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও দেশে চার প্রধান সারের সার্বিক সরবরাহ ও মজুদ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুদ থাকায় কৃত্রিম সংকট তৈরি বা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

মাঠপর্যায়ে সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের গাফিলতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সার বিতরণে তদারকির ঘাটতির অভিযোগে সম্প্রতি রাজশাহী, জয়পুরহাট ও মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বরাদ্দকৃত সার উত্তোলন না করা ডিলারদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি সচিব মাঠপর্যায়ে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু চক্রের কারসাজি রুখতে প্রশাসনকে নিবিড় নজরদারির নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিগত কয়েক বছরের মতো চলতি অর্থবছরেও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত সার বরাদ্দ দেওয়া হচ্ছে। একই সঙ্গে যে কোনো আকস্মিক সংকট মোকাবেলায় পর্যাপ্ত নিরাপত্তা মজুদও সংরক্ষণ করা হয়েছে। আগস্ট মাসে ইতোমধ্যে সাত লাখ টনের বেশি সার বিতরণ সম্পন্ন হয়েছে এবং আসন্ন সেপ্টেম্বর মাসের জন্যও আগাম বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ডিলারদের সার উত্তোলন ও কৃষকদের মাঝে তা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটি নিবিড় নজরদারির আওতায় আনা হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *