স্পোর্টস ডেস্ক | অনলাইন সংস্করণ
নারী ওয়ানডে ক্রিকেটে রান তাড়ার সবচেয়ে বড় রেকর্ড এখন অস্ট্রেলিয়ার দখলে। ভারতের মাটিতে শক্তিশালী স্বাগতিক দলের দেওয়া পাহাড়সম লক্ষ্য পেরিয়ে ইতিহাস গড়েছে অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান নারী দল।
রবিবার বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করে ৩৩০ রান— যেখানে ওপেনার স্মৃতি মান্ধানা খেলেন ৮০ রানের ইনিংস এবং তার সঙ্গী প্রতীক রাওয়াল করেন ৭৫। এরপর হারলিন দেওল (৩৮) ও জেমিমা রদ্রিগেজ (৩৩) রান যোগ করেন মাঝারি অবদান হিসেবে। তবে শেষের দিকে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে যায় ভারতের ইনিংস।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ঝলক দেখান। তিনি মাত্র ৪০ রানে ৫ উইকেট তুলে নিয়ে ভারতের ইনিংসে বড় ধাক্কা দেন। সোফি মোলিনাক্স পান ৩টি উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড এনে দেন ৮৫ রানের শক্ত ভিত। লিচফিল্ড ৪০ রানে ফিরে গেলেও হিলি তখনো দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন।
অ্যালিসা হিলি তুলে নেন দারুণ এক সেঞ্চুরি (১০৭ বলে ১৪২ রান)— যা ম্যাচটিকে বদলে দেয় পুরোপুরি। মাঝপথে এলিস পেরি চোট পেয়ে মাঠ ছাড়লেও হিলি একপ্রান্ত ধরে খেলে যান। পরে গার্ডনার ও ফিরে আসা পেরি মিলে বাকি কাজ সারেন। শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ৩ উইকেটে।
এই জয়ের মাধ্যমে তারা ভেঙে দেয় শ্রীলঙ্কার আগের রেকর্ড— ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০২ রান তাড়া করে জিতেছিল চামারি আতাপাত্তুর দল।
চার ম্যাচে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় জয়, ৭ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের শীর্ষে। সমান ম্যাচে দুটি জয় ও দুটি হারে ৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে তিন নম্বরে।
