শাড়ি নিয়ে অনলাইন উদ্যোক্তার অভিযোগ, তানজিন তিশার পাল্টা বক্তব্য

আনন্দলোক ঢালিউড

বিনোদন প্রতিবেদক | 

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি অনলাইন ফ্যাশন হাউসের পক্ষ থেকে তার বিরুদ্ধে পণ্যের প্রচার না করার অভিযোগ তোলা হয়েছে। তবে তিশা দাবি করেছেন, তিনি কোনো ব্যবসায়িক চুক্তি করেননি—বরং শাড়িটি উপহার হিসেবেই পেয়েছিলেন।

‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের কর্ণধার ঝিনুক জানান, চলতি বছরের জানুয়ারিতে তানজিন তিশা তাদের একটি হলুদ জামদানি শাড়ি বেছে নেন, যার মূল্য ছিল প্রায় ২৮ হাজার ৮০০ টাকা। জনপ্রিয়তার কারণে তিশাকে বিনামূল্যে শাড়িটি দেওয়া হয়, শর্ত ছিল—তিনি সেটি পরে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচার করবেন।

ঝিনুকের অভিযোগ, “তিশা শুরুতে সম্মতি দিলেও পরে আর কোনো প্রচারমূলক পোস্ট দেননি। ১০ মাস পার হয়ে গেছে, একাধিকবার অনুরোধ জানানো হলেও তিনি সাড়া দেননি। এমনকি শেষদিকে যোগাযোগও বন্ধ করে দেন।”

অভিযোগের পরপরই তানজিন তিশা তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লিখেন,

“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক? হাস্যকর! উপহার দিলে সেটা বিজ্ঞাপন নয়। যদি প্রচার চান, পারিশ্রমিকের কথা তো আগে বলতে হতো। আজব নারী উদ্যোক্তা!”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ উদ্যোক্তার পক্ষ নিয়ে তিশার পেশাদার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ মনে করছেন, ‘গিফট’ আর ‘ব্র্যান্ডিং ডিল’—দুই জিনিস আলাদা।

বিনোদন বিশ্লেষকরা বলছেন, অনলাইন প্রমোশন বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে চুক্তির স্বচ্ছতা না থাকলে এমন ভুল বোঝাবুঝি প্রায়ই ঘটে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *