শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক রবিবার থেকে শুরু

অপরাধ ও আদালত বাংলাদেশ

ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আগামীকাল (রোববার)।

গত বুধবার মামলার শেষ সাক্ষীর জেরা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদার আগামীকালকে যুক্তিতর্ক উপস্থাপনের দিন হিসেবে নির্ধারণ করেন।

মামলার শুনানি শেষে দ্রুতই রায়ের পর্যায়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে শহীদ আবু সাঈদের বাবা এবং আন্দোলনে নিহতদের পরিবার-স্বজনরা রয়েছেন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সাংবাদিক মাহমুদুর রহমান গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেছেন। মামলার প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও সহকারী প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে, পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্কে অংশ নেবেন। রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মামলাটিতে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। এর আগে সাবেক আইজিপি মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে—এর একটি ১৫ বছরের শাসনামলে গুম-খুনের অভিযোগে, অপরটি ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়।

গত বছরের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের শাসনকালে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হাতে ব্যাপক হত্যাযজ্ঞ ও নির্যাতনের অভিযোগ ওঠে, যা পরবর্তীতে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *