টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে গত কয়েক দিনে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রবিবার (১২ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, দুর্গত এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে। সাপের কামড়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, বন্যাপ্রবণ এলাকায় বিশেষ মেডিক্যাল টিম নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছে। এসব দল দুর্গত মানুষের কাছে ওষুধ, খাবার স্যালাইন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। একই সঙ্গে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং গুরুতর অসুস্থ রোগীদের প্রয়োজন হলে নৌকাযোগে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, বন্যা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙ্গামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন।
এ ছাড়া এ পর্যন্ত মোট ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।
